ইয়ামালের জোড়া গোলে উড়ে গেল ভ্যালেন্সিয়া
ভ্যালেন্সিয়ার মাঠে গোলবন্যা বইয়ে দিয়েছে বার্সেলোনা। মেস্তায়া স্টেডিয়ামে স্বাগতিকদের ৫-০ গোলে হারিয়ে লা লিগায় নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে হ্যান্সি ফ্লিকের দল। জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল। এ ছাড়া একটি করে গোল করেছেন ফারমিন লোপেজ, রাফিনিয়া ও পেদ্রি।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নেয় তারা। ফারমিন লোপেজের পাস পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে এড়িয়ে প্রথম ছোঁয়ায় বল জালে জড়ান ইয়ামাল। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেছিলেন এই তরুণ ফরোয়ার্ড, তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ২২ মিনিটে আড়াআড়ি শটে দূরের পোস্ট কাঁপিয়ে বার্সার দ্বিতীয় গোলটি করেন লোপেজ। এরপর ভ্যালেন্সিয়াও সুযোগ তৈরি করেছিল। তবে দানইয়োমার শট ঠেকিয়ে দেন বার্সার গোলরক্ষক হুয়ান গার্সিয়া। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি কাতালানরা।
বিরতির পর ম্যাচের ৫০তম মিনিটে রাফিনিয়ার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। গোলমুখে লোপেজের বাড়ানো বলে আলতো টোকায় বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমে এটি তার ষষ্ঠ গোল। লা লিগায় গোলের অর্ধশতকও পূর্ণ হয়েছে তার।এরপর ভ্যালেন্সিয়ার গোলরক্ষককে একাধিকবার পরীক্ষা নেন বার্সার আক্রমণভাগের খেলোয়াড়রা। স্বাগতিকদের একটি হেড ক্রসবারে লেগে ফিরে আসে।
৭৯ মিনিটে দানি ওলমোর বাড়ানো বলে গতিময় শটে গোল করেন পেদ্রি। এরপর ম্যাচের ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন ইয়ামাল। ম্যাচে ৭৪ শতাংশ বলের দখল ছিল বার্সেলোনার। গোলের লক্ষ্যে তারা নেয় ১০টি শট। বড় জয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও শক্ত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

মন্তব্য করুন