ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, বিশ্বকাপে মাঠে নামছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত

শ্রীলঙ্কার কলম্বোয় আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে অংশ নেবে পাকিস্তান। ম্যাচটি বয়কটের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটি।


 পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, অর্জিত কূটনৈতিক ফলাফল এবং বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে ভারতকে মোকাবিলার জন্য পাকিস্তান দলকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে।


 গত কয়েক দিন ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে নিবিড় আলোচনা চলছিল। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ইএসপিএন ক্রিকইনফো জানায়, আলোচনাগুলো ইতিবাচক সমাধানের দিকে এগোচ্ছে। সোমবার সন্ধ্যায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। 


এর কিছুক্ষণ আগেই আইসিসি বাংলাদেশের বিষয়ে নিজেদের অবস্থান শিথিল করার ঘোষণা দেয়। উল্লেখ্য, ভারতে ভ্রমণে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে আইসিসি পরে জানায়, বাংলাদেশের ওপর কোনো ধরনের জরিমানা করা হবে না। পাশাপাশি ২০২৮–২০৩১ চক্রে বাংলাদেশকে একটি অতিরিক্ত আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব দেওয়া হবে। এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে পিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেওয়ার জন্য পাকিস্তানের প্রতি অনুরোধ জানায়।


 এর আগে রোববার বিসিবি চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল এবং আইসিসি পরিচালক পিসিবির সঙ্গে আলোচনা করতে লাহোরে পৌঁছান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় সংহতি প্রকাশ করতেই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আইসিসির বোর্ড সভায় বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিপক্ষে বিসিবি ছাড়া একমাত্র পিসিবিই ভোট দিয়েছিল। এ বিষয়ে মহসিন নাকভি আইসিসির বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’ অনুসরণের অভিযোগ তোলেন এবং বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেন।


 আইসিসির সঙ্গে আলোচনায় বাংলাদেশের জন্য কিছু সুবিধা আদায়ের পরিপ্রেক্ষিতেই শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে পাকিস্তান। ফলে বহুল আলোচিত এই ম্যাচটি নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে যাচ্ছে।