সাকিব আল হাসানকে ফেরাতে উদ্যোগী বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরাতে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক এই অধিনায়কের নামে থাকা আইনি মামলার সংশ্লিষ্ট নথিপত্র সরকারের কাছে জমা দিয়েছে বোর্ড।
ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যমের দাবি, এতে সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে প্রত্যাবর্তনের পথ আরও সুগম হয়েছে। দীর্ঘদিন পর আবারও জাতীয় দলের জার্সিতে সাকিবকে দেখার সম্ভাবনা জোরালো হয়েছে। সরকার, বিসিবি এবং স্বয়ং সাকিব—তিন পক্ষই বিষয়টি নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ২০২৪ সালের ৫ আগস্টের পর তার নামে হওয়া মামলাগুলোর ভবিষ্যৎ।
সংশ্লিষ্ট জটিলতা নিরসনে সরকার থেকে ইতোমধ্যে সবুজ সংকেত মিলেছে বলে জানা গেছে। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নির্বাচনের আগ থেকেই জানিয়ে আসছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো ক্রীড়াবিদ যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সরকার সচেতন থাকবে। দায়িত্ব নেওয়ার পরও তিনি বলেছেন, সাকিব আল হাসান কিংবা মাশরাফি মুর্তজার মতো ক্রিকেটারদের দেশে ও মাঠে ফেরাতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। বিসিবির এই উদ্যোগকে ইতিবাচকভাবে নিয়েছে নবনির্বাচিত সরকার।
বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন আগেই জানিয়েছিলেন, সাকিবের নামে থাকা মামলাগুলোর নিষ্পত্তির বিষয়টি সরকার দেখবে এবং তার নিরাপত্তাও নিশ্চিত করা হবে। জাতীয় দলের প্রয়োজনে সাকিবকে ফেরাতে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধও জানিয়েছে বিসিবি।
এরই ধারাবাহিকতায় মামলার নথিপত্র জমা দেওয়া হয়েছে।
আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। ক্রিকেটাঙ্গনের আশা, এই সিরিজ দিয়েই দীর্ঘ বিরতির পর মাঠে ফিরতে পারেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

মন্তব্য করুন