পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত

জয়ের জন্য বড় পুঁজি দরকার—এমন প্রচলিত ধারণা আবারও ভুল প্রমাণ করল বাংলাদেশ নারী দল। ব্যাট হাতে মাত্র ১১০ রান, কিন্তু শৃঙ্খলিত বোলিং আর আগ্রাসী মানসিকতায় সেই সংগ্রহই হয়ে উঠল পাহাড়সম চ্যালেঞ্জ। সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত নারী টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।


থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত একপেশে এই ম্যাচে ২২ ফেব্রুয়ারি শিরোপা লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত


ব্যাটিংয়ে লড়াই, ফাহিমার দৃঢ়তা

লো-স্কোরিং ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১১০ রান। ওপেনিং জুটিতে আসে ১৯ রান। শামীমা সুলতানা (১৩) ও ইসমা তানজিম (১২) দ্রুত বিদায় নেন। শারমিন সুলতানা করেন ১৫ রান।


নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও একপ্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন অধিনায়ক ফাহিমা খাতুন। ৩২ বলে ৫টি চারে অপরাজিত ৪০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। লতা মণ্ডল (৫), ফারজানা ইয়াসমিন (৬), শরিফা (০), সাদিয়া আক্তার (৮), ফাতেমা জাহান (২) ও সানজিদা আক্তার মেঘলা (১) রান করেন। ফাহিমার দৃঢ়তায় তিন অঙ্ক ছোঁয় বাংলাদেশ।


বোলিং ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান

১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ইমান নাসেরকে বোল্ড করেন ফারিয়া তৃষ্ণা। পরের ওভারেই আরেক ওপেনার শাওয়াল জুলফিকারকে ফেরান ফাহিমা। হুরাইনা সাজিদকে আউট করেন সানজিদা আক্তার মেঘলা।


দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। ইউসরা আমির (১১) ও অধিনায়ক হাফসা (১২) সামান্য প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট ছিল না। ৫০ রান পূর্ণ হওয়ার আগেই ৭ ব্যাটার সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত মাত্র ৫৬ রানে অলআউট হয় পাকিস্তান।


বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা নেন সর্বোচ্চ ৩ উইকেট। ফাহিমা খাতুন শিকার করেন ২টি উইকেট। ফারিয়া তৃষ্ণাসহ আরও তিন বোলার নেন একটি করে উইকেট।

ব্যাট ও বল—দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা ভূমিকা রাখেন অধিনায়ক ফাহিমা। এখন শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে ফাইনালের অপেক্ষায় টাইগ্রেসরা।