দেশের ক্রিকেটের ক্ষতি করে দিলেন,ক্রীড়া প্রতিমন্ত্রীকে বুলবুল

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত


বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেঙে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে তিনি ‘ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করে নিজেকে এখনও বৈধ সভাপতি দাবি করেছেন।


 একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল বলেন, “আনুষ্ঠানিকভাবে আমিই এখনো বিসিবি সভাপতি। যারা বোর্ড ভেঙেছে, তাদের সেই এখতিয়ার নেই।” তিনি জানান, বোর্ড ভেঙে দেওয়ার দিন তিনি খালেদ মাসুদ পাইলটকে নিয়ে পূর্বাচলে মাঠ পরিদর্শনে ছিলেন। পরে ফিরে এসে আকস্মিকভাবে বোর্ড ভেঙে দেওয়ার খবর পান। বুলবুল বলেন, “হঠাৎ করে মনে হলো আমাদের অফিসটা রাজনৈতিক অফিস হয়ে গেছে। শত শত লোক আসা-যাওয়া শুরু করল।


 একপর্যায়ে পাইলট আমাকে বলল, ভাই চলেন চলে যাই। আমরা মানসম্মান নিয়ে সেখান থেকে বের হয়ে আসি।” বর্তমান পরিস্থিতিতেও তার নেতৃত্বাধীন বোর্ডই বৈধ বলে দাবি করে তিনি বলেন, “আমাদের মানসম্মান আছে। আমরা জিনিসপত্র ফেলে চলে এসেছি। কিন্তু আমি বিশ্বাস করি, এখনো আমরাই বৈধ ক্রিকেট বোর্ড।” জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন বুলবুল। তার মতে, এনএসসির এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আইনগত এখতিয়ার নেই। “তারা চাইলে আমাদের ডেকে জিজ্ঞেস করতে পারত, সুপারিশ করতে পারত। কিন্তু বোর্ড ভেঙে দেওয়া তাদের ক্ষমতার মধ্যে পড়ে না,” বলেন তিনি। এদিকে, তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।


 তবে এই প্রক্রিয়াকে স্বচ্ছ নয় বলেও দাবি করেছেন সাবেক এই অধিনায়ক। তদন্ত কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন তুলে বুলবুল বলেন, “কিসের তদন্ত হয়েছে, রিপোর্টে কী আছে আমরা কিছুই জানি না। এই কমিটি কীভাবে গঠিত হলো, সেটাও অস্পষ্ট।”


 সবশেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উদ্দেশে বুলবুল বলেন, “আপনি দেশের ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিলেন।” বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক এই অস্থিরতা ভবিষ্যতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে ক্রীড়াঙ্গনে এখন চলছে নানা আলোচনা।