বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় দল ঘোষণা ফিফার
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বড় ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ অফিশিয়াল দল ঘোষণা করেছে সংস্থাটি। ফিফার প্রকাশিত তালিকায় মোট ১৭০ জন ম্যাচ অফিশিয়াল রাখা হয়েছে।
এর মধ্যে ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) রয়েছেন। তারা বিশ্বের প্রায় ৫০টি দেশের প্রতিনিধিত্ব করবেন। দীর্ঘ সময়ের পারফরম্যান্স মূল্যায়ন, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও ফিটনেস পরীক্ষার ভিত্তিতেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। রেফারিং ইতিহাসে নতুন নজির গড়তে যাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। প্রথমবারের মতো এক বিশ্বকাপে এই দুই দেশ থেকেই তিনজন করে প্রধান রেফারি দায়িত্ব পালন করবেন। আর্জেন্টিনা থেকে রয়েছেন ইয়ায়েল ফালকোন পেরেজ, দারিও এরেরা ও ফাকুন্দো টেলো।
ব্রাজিলের পক্ষ থেকে দায়িত্ব পালন করবেন রাফায়েল ক্লস, উইল্টন সাম্পাইও ও র্যামন আবাত্তি। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকেও রয়েছেন দুই অভিজ্ঞ রেফারি— মাইকেল অলিভার ও অ্যান্থনি টেইলর। এছাড়া ভিএআর হিসেবে থাকবেন জ্যারেড জিলেট। ইউরোপের আরও কয়েকজন শীর্ষ রেফারি যেমন ২০২২ বিশ্বকাপ ফাইনালের রেফারি সিমন মার্সিনিয়াক, ইউরো ফাইনালের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং ইস্তভান কোভাকসও তালিকায় জায়গা পেয়েছেন। উত্তর আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস) থেকেও ১১ জন অফিসিয়াল দায়িত্ব পাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ কয়েকজন রেফারি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করবেন। এবারের বিশ্বকাপে নারী অফিশিয়ালদের অংশগ্রহণও বিশেষভাবে উল্লেখযোগ্য।
যুক্তরাষ্ট্রের তোরি পেনসোর নেতৃত্বে একটি পূর্ণ নারী অনফিল্ড রেফারিং দল দায়িত্ব পালন করবে। সহকারী হিসেবে থাকবেন ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিট। এর আগে নারী রেফারিংয়ে ইতিহাস গড়েছিলেন স্টেফানি ফ্রাপার্ট, যিনি পুরুষদের বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছিলেন। ফিফার রেফারিং প্রধান পিয়ের লুইজি কলিনা জানিয়েছেন, এই বিশ্বকাপে রেফারিদের শরীরে বডি ক্যামেরা ব্যবহার করা হবে, যা আগে পরীক্ষামূলকভাবে চালু ছিল।
ফিফা আরও জানিয়েছে, ম্যাচ অফিশিয়ালরা মায়ামিতে অবস্থান করবেন এবং ভিএআর কর্মকর্তারা থাকবেন ডালাসে।
৪৮ দলের এই সম্প্রসারিত বিশ্বকাপ শুধু দল ও ম্যাচসংখ্যায় নয়, রেফারিং কাঠামোতেও নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। ফিফার দাবি, আধুনিক প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে এটি হবে এখন পর্যন্ত সবচেয়ে উন্নত রেফারিং ব্যবস্থা।

মন্তব্য করুন