বাংলাদেশ না থাকায় টি২০ বিশ্বকাপ অপূর্ণ, হতাশা ক্রিকেট প্রেমীদের
সীমান্তের ওপারে টি২০ বিশ্বকাপের উন্মাদনা শুরু হলেও বাংলাদেশ না থাকার কারণে ক্রিকেট অনুরাগীদের মধ্যে কিঞ্চিৎ হতাশা স্পর্শ করেছে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের ম্যাচ সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, “বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ অপূর্ণ। আমাদের গর্ব হতো, বিশ্বকাপের সৌন্দর্যও আরও বাড়ত।” বিসিবির সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি জানিয়েছেন, “আমরা ৩০ বছর আগে দর্শক হিসেবে বিশ্বকাপ দেখতাম, তখন ভাবতাম কখন বাংলাদেশ খেলবে। এখন খেলতে পারছি না, সেটি মেনে নেওয়া কষ্টকর।”
জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ বলেন, “বিশ্বকাপ খেলার যোগ্যতা থাকা সত্ত্বেও না খেলার বেদনা সবচেয়ে বেশি অনুভব করছে খেলোয়াড়রা। যারা নির্বাচিত হয়েছিল, তাদের স্বপ্ন পূরণ হয়নি।” শ্রীলঙ্কার কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে বিশ্বকাপের উদ্বোধন হয়েছে। দেশের দুটি টিভি চ্যানেল ম্যাচ সম্প্রচার করবে। বয়কট না হলে আজ বিকেলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলতো। বাংলাদেশ ১৯৯৯ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছে এবং টানা সাতটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছে। টি২০ ক্রিকেটেও ২০২৪ সাল পর্যন্ত টানা অংশগ্রহণ করেছে।
২০২৬ সালের বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা সত্ত্বেও রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে বয়কট করতে হয়েছে।
রকিবুল হাসান আরও বলেন, “বাংলাদেশ না থাকায় বিশ্বকাপের পূর্ণতা নেই। আমাদের জায়গায় স্কটল্যান্ড খেলছে, কিন্তু তাদের দেশে ক্রিকেটের জনপ্রিয়তা সীমিত। তাই বাংলাদেশের শূন্যতা সহজে পূরণ হবে না।”

মন্তব্য করুন