আর্সেনালের স্বপ্ন গুড়িয়ে চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


ইউরোপীয় ক্লাব ফুটবলের মঞ্চে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। নাটকীয় এক ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপের সেরা ক্লাবের মুকুট জিতেছে ফরাসি জায়ান্টরা।


 নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ গোলে সমতায় থাকায় শিরোপা নির্ধারণ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের পরীক্ষায় সফল হয় পিএসজি, আর দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেও শিরোপা-স্বপ্ন ভেঙে যায় আর্সেনালের। ম্যাচের শুরুটা ছিল আর্সেনালের জন্য স্বপ্নের মতো। খেলার শুরুতেই পিএসজি অধিনায়ক মার্কিনহোসের একটি ক্লিয়ারেন্সের চেষ্টা লিয়ান্দ্রো ট্রোসার্ডের গায়ে লেগে কাই হাভার্টজের সামনে চলে আসে। জার্মান মিডফিল্ডার প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় এগিয়ে গিয়ে কঠিন কোণ থেকে দুর্দান্ত শটে জালে বল জড়িয়ে আর্সেনালকে এগিয়ে দেন।


প্রথমার্ধে সেই লিড ধরে রাখলেও দ্বিতীয়ার্ধে চাপে পড়ে ইংলিশ চ্যাম্পিয়নরা। প্রায় এক ঘণ্টা পিএসজিকে আটকে রাখার পর রক্ষণভাগে ভুল করে বসে আর্সেনাল। পেনাল্টি বক্সে খভিচা কভারাতসখেলিয়াকে ফাউল করেন ক্রিসথিয়ান মস্কেরা। সেই সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে পিএসজি। অতঃপর নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে পিএসজির হয়ে গন্সালো রামোস, আশরাফ হাকিমি ও লুকাস বেরালদি গোল করেন।


 আর্সেনালের হয়ে সফল হন ভিক্টর গিওকেরেস, ডেকলান রাইস ও গ্যাব্রিয়েল মার্তিনেলি। তবে এবেরেচি এজের শট লক্ষ্যভ্রষ্ট হয় এবং শেষ দিকে গ্যাব্রিয়েল মাগালহায়েসের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে শিরোপা নিশ্চিত হয়ে যায় পিএসজির। এই জয়ে টানা দ্বিতীয়বার ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার শিরোপা জিতল পিএসজি। অন্যদিকে ২২ বছর পর প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পাওয়া আর্সেনাল ২০০৬ সালের পর প্রথমবার ইউরোপীয় ফাইনালে উঠেও অধরা ট্রফির অপেক্ষা আরেকবার দীর্ঘায়িত করল।