আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন রুবেল। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন এই ডানহাতি পেসার। ফেসবুকে দেওয়া বার্তায় রুবেল লেখেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’
তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তার। তিনি বলেন, ‘ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।’ বিদায়বেলায় পরিবার, সতীর্থ, গণমাধ্যমকর্মী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান এই পেসার। তিনি বলেন, ‘আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন—এটাই আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’ বাংলাদেশের হয়ে ২৭ টেস্টে ৩৬ উইকেট নিয়েছেন রুবেল।
ওয়ানডেতে ১০৪ ম্যাচে ১২৯ উইকেট শিকার করেছেন তিনি, যার মধ্যে রয়েছে ক্যারিয়ার সেরা ৬ উইকেট। টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচে তার উইকেট ২৮টি।
দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের পেস আক্রমণে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই বোলারের বিদায়ে শেষ হলো আন্তর্জাতিক ক্রিকেটের এক অধ্যায়।

মন্তব্য করুন