কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে, নিহত ৭
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাসানপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও ৬ জন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের স্বজনরা এলে আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানিয়েছেন, নিহত ৭ জনই পুরুষ।
তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন