আম খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ, নারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি:সংগৃহিত


খুলনার কয়রা উপজেলায় আম খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় লতিকা সানা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত লতিকা সানা উপজেলার মঠবাড়ি গ্রামের বাসিন্দা ও বিবেকানন্দ সানার স্ত্রী।


 এ ঘটনায় আরও অসুস্থ হয়েছেন তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) এবং প্রকাশ সানা (৫১)। তারা বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে স্থানীয় বাজার থেকে কেনা আম খাওয়ার পর পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তারা পেটের সমস্যা ও শারীরিক দুর্বলতায় ভুগতে থাকেন। বুধবার বিকেলে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। ভুক্তভোগী পরিবারের সদস্য নিতিশ সানা জানান, আম খাওয়ার পর সবাই স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েছিলেন। তবে ভোর থেকে তাদের পেটে ব্যথা ও ডায়রিয়ার লক্ষণ দেখা দেয়। 


পরে অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সুজিত কুমার বৈদ্য জানান, ডায়রিয়ায় আক্রান্ত পাঁচজনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।


 তিনি বলেন, আমে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে এ ধরনের সমস্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ঘটনার পর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।