বিশ্বকাপে নেইমারকে নিয়ে শঙ্কা!
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচের আগে বড় দুশ্চিন্তার খবর এসেছে দলটির শিবিরে। চোটের কারণে মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার। এমনকি পুরো গ্রুপপর্বেও তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলেত্তি। শুক্রবার (১২ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলেত্তি বলেন, নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন।
তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহে এই অভিজ্ঞ ফরোয়ার্ড পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারবেন। ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ সেমিফাইনালিস্ট মরক্কো। এরপর গ্রুপপর্বে ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা। ক্যাফ ইনজুরির কারণে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি ৩৪ বছর বয়সী নেইমার। সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন তার অবস্থার উন্নতির কথা জানালেও মরক্কো ম্যাচের আগের দিন দলের অনুশীলনে তাকে দেখা যায়নি। এর আগে কোচ আনচেলোত্তির ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা পেলেও পানামা ও মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটিতেও খেলতে পারেননি তিনি।
ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি প্রধান কোচ আনচেলোত্তি জানান, শুধু ফুটবলীয় দক্ষতার জন্য নয়, তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করার মতো অভিজ্ঞতার কারণেও নেইমারকে দলে রাখা হয়েছে। তার মতে, দলের নবীন সদস্যদের জন্য নেইমার একজন আদর্শ উদাহরণ। এদিকে ব্রাজিলের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র নেইমারকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সে আমাকে অনুপ্রাণিত করে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি এবং তাকে আবার মাঠে দেখার অপেক্ষায় আছি।
অন্যদিকে মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াবি জানিয়েছেন, নেইমার খেলুক বা না খেলুক তাদের প্রস্তুতিতে কোনো পরিবর্তন আসবে না। তার ভাষায়, নেইমারকে নিয়ে এবং নেইমারকে ছাড়া দুই ধরনের ম্যাচের জন্যই আমরা প্রস্তুত। আমাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন নেই।
তবে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি আক্ষেপ প্রকাশ করে বলেন, তিনি সবসময় বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে চান এবং নেইমার নিঃসন্দেহে সেই তালিকার অন্যতম নাম।
নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের জন্য বড় ধাক্কা হলেও দলটি আশাবাদী, নকআউট পর্বের আগে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন।

মন্তব্য করুন