স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন : আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে না বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সরকারের ভেতরেই ভিন্নমত থাকায় এ নিয়ে ‘ধোঁয়াশা’ তৈরি হয়েছে।


 মঙ্গলবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত বৃক্ষ বিতরণ কর্মসূচিতে রাজধানীর নাখালপাড়া এলাকার হোসেন আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, সরকারের একাংশ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা করছে, আবার অন্য একজন উপদেষ্টা শর্তসাপেক্ষে অংশ নেওয়ার পক্ষে মত দিয়েছেন। এতে সরকার নিজেই বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর অবস্থান তৈরি করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে না।


তার দাবি, আওয়ামী লীগের একটি অংশ এখনো সরকারের বিভিন্ন স্তরে প্রভাব রাখার কারণেই এ ধরনের দ্বিধা দেখা যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির পাঁচ দফা দাবির কথা তুলে ধরে তিনি বলেন, প্রশাসক পদে থাকা ব্যক্তিদের মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। অভিযোগ করে তিনি বলেন, কিছু ব্যক্তি সরকারি পদে থেকেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং সরকারি লোগো ব্যবহার করছেন, যা নির্বাচনী নীতির পরিপন্থী। বিশেষ করে দুই সিটি করপোরেশনের প্রশাসকদের সমালোচনা করে তিনি বলেন, সরকারি দায়িত্বে থেকে প্রচারণা চালানো গ্রহণযোগ্য নয়। নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের আগে পদত্যাগ করা উচিত।


 এ সময় তিনি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ইজারা প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগও উত্থাপন করেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে হলে সমান সুযোগ নিশ্চিত করা এবং প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখা জরুরি।