সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম
সীমান্তে ভারতীয় বাহিনীর নির্বিচার হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে “অত্যন্ত আপত্তিকর ও অপমানজনক” হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (৬ জুন) ফেসবুকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য জাতির জন্য লজ্জাজনক। নাহিদ ইসলাম অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমদ তিন দিন পার হলেও তার বক্তব্য প্রত্যাহার করেননি এবং সরকারের পক্ষ থেকেও কোনো নিন্দা জানানো হয়নি। এতে ধারণা করা যায়, এটি সরকারের আনুষ্ঠানিক অবস্থান হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, সীমান্ত হত্যা নিয়ে মন্ত্রীর ব্যাখ্যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক।
জাতিসংঘের মানবাধিকার নীতি এবং আন্তর্জাতিক চুক্তির আলোকে প্রাণঘাতী শক্তি ব্যবহারের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, অতীতে সীমান্ত ইস্যুতে এ ধরনের বক্তব্য দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি দাবি করেন, বর্তমান সরকারের অবস্থানও একই ধরনের নতজানু নীতির প্রতিফলন।
নাহিদ ইসলাম অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং বিষয়টি নিয়ে সরকারের ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন