কালীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া
মোঃ শাহনেওয়াজ, স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ আসর কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলাম মিঠুনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রবিউল ইসলাম মিঠুন বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
তিনি যুবদলের অতীতের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে ধরে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির মধ্যে কৃষি কার্ড, মহিলা কার্ড ও খাল খনন কর্মসূচি রয়েছে, যেগুলোর কার্যক্রম চলমান। দেশের স্থিতিশীলতা রক্ষা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রবিউল ইসলাম মিঠুন বলেন, “আমি আমার এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ চেষ্টা করতে চাই।
যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনের নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাওলানা মো. মোশাররফ হোসেনের পরিচালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন