বাতিল ১৪৬ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণে সাময়িক বিধিনিষেধ আরোপের কারণে বাংলাদেশ থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা থেকে সরাসরি পরিচালিত এবং বিভিন্ন দেশে ট্রানজিট নেয়া মোট ১৪৬টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে ২২ হাজার ২৪১ জন যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন।ফ্লাইট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ৬৯টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সরাসরি ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর। সংস্থাটির মোট ২৯টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া সৌদি এয়ারলাইন্সের ১৯টি, রিয়াদ এয়ারওয়েজের ১১টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি সরাসরি ফ্লাইটের সূচি বিঘ্নিত হয়েছে। অন্যদিকে, বিভিন্ন সংযোগকারী দেশের মাধ্যমে পরিচালিত ট্রানজিট ফ্লাইটের সূচিতেও প্রভাব পড়েছে। এ ক্ষেত্রে ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সর্বোচ্চ।
এ ছাড়া এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্লাইট সূচিতে আকস্মিক এই বিপর্যয়ের কারণে হাজার হাজার প্রবাসী ও অন্যান্য ভ্রমণকারীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন গন্তব্যে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে।
নির্ধারিত সময়ে যাত্রা করতে না পারায় অনেক যাত্রীর ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে। যাত্রীদের টিকিট পুনঃনির্ধারণ এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

মন্তব্য করুন