কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত


ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। আজ রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। 


তার ছেলে আনন্দ ভোঁসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজারের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা থেকেই অসুস্থ বোধ করছিলেন আশা ভোঁসলে। এক পর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান। ১৯৩৩ সালে ভারতের মহারাষ্ট্রে এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। 


তার বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন খ্যাতিমান শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। আর তার বড় বোন ছিলেন ভারতের আরেক কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর। ছোটবেলা থেকেই বাবার কাছে সঙ্গীতে তালিম নেন আশা। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন তিনি। প্রথমে গণপৎ রাও ভোঁসলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, তবে তাদের দাম্পত্য জীবন বেশিদিন স্থায়ী হয়নি। পরে ১৯৮০ সালে প্রখ্যাত সুরকার রাহুল দেব বর্মণের সঙ্গে বিয়ে করেন আশা ভোঁসলে। দীর্ঘ আট দশকের সঙ্গীত জীবনে হিন্দি, বাংলা, মারাঠিসহ ২০টিরও বেশি ভাষায় ১২ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। 


শাস্ত্রীয় সঙ্গীত, আধুনিক, গজল থেকে ক্যাবারে—সব ধারাতেই ছিল তার সমান দখল। তার গাওয়া অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে অমলিন। ভারতীয় সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বহু সম্মানে ভূষিত হয়েছেন। এর মধ্যে ২০০০ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ লাভ করেন তিনি। এর আগে, হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দ্রুত সুস্থতা কামনা করেছিলেন।


 তবে সব শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন এই কিংবদন্তি শিল্পী। তার মৃত্যুতে ভারতসহ পুরো উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।