বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য অপু বিশ্বাসের

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি:সংগৃহিত


পর্দায় নিয়মিত উপস্থিতি না থাকলেও বছরজুড়েই আলোচনায় থাকেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। বিভিন্ন শোরুমের ফিতা কাটা থেকে শুরু করে নানা প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনসহ নানা আয়োজনে তাকে দেখা যায়। সামাজিক মাধ্যমেও নিত্যনতুন লুকের ছবি পোস্ট করে ভক্তদের মাঝে আলোচনায় থাকেন এই নায়িকা।


 সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন অপু বিশ্বাস। সেখানে বিয়ে প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ে তার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল। অপু বিশ্বাস বলেন, “বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।”


 ভবিষ্যতে নতুন করে ঘর বাঁধার পরিকল্পনা আছে কি না—এ প্রশ্নের জবাবে রহস্য রেখে অপু বলেন, “এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই।” সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ট্রল ও সমালোচনা তাকে খুব একটা প্রভাবিত করে না। বরং অনেক সময় তিনি এসব এড়িয়ে যান এবং কিছু ক্ষেত্রে উপভোগও করেন বলে জানান এই অভিনেত্রী। উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল টেলিভিশন লাইভে এসে বিয়ের কথা প্রকাশ করেন তিনি।


 পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। এই দম্পতির এক পুত্রসন্তান রয়েছে। এর বাইরে সাম্প্রতিক কাজে নিয়েও কথা বলেন অপু বিশ্বাস। ঈদুল ফিতরে তার অভিনীত ‘দুর্বার’ সিনেমা মুক্তির কথা থাকলেও তা প্রেক্ষাগৃহে আসেনি।


 তবে আসন্ন কোরবানির ঈদে ‘সিক্রেট’ নামে নতুন একটি সিনেমা মুক্তি পেতে পারে বলে গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি এই ঢালিউড তারকা।