বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


মুদ্রাস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির আশঙ্কার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। পাশাপাশি রুপা এবং প্লাটিনামের দামের পতন লক্ষ্য করা গেছে।


শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় বেলা ১টা ৪৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ১৮৩ দশমিক ১৯ ডলারে নেমে আসে। আর আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০৪ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে। এর আগে বৃহস্পতিবার স্বর্ণের দাম ছয় মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। তবে পরে তা ঘুরে দাঁড়িয়ে ৪ হাজার ২১৯ দশমিক ৬৯ ডলারে উঠে দিন শেষ করে। এর পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা বাতিলের ঘোষণা এবং আসন্ন শান্তি চুক্তির ইঙ্গিত বড় ভূমিকা রাখে। তবে ইরান জানিয়েছে, চুক্তি নিয়ে তারা এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।


 বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মারেক্স-এর বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্বর্ণের দাম বর্তমানে পুরোপুরিভাবে ভূরাজনৈতিক ঘটনাপ্রবাহের ওপর নির্ভরশীল। এ ছাড়া ফেড সুদের হার বাড়াবে কি না, সেদিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। যদি ফেড সুদের বাড়ায়, তাহলে স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচেও নেমে যেতে পারে।’ অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬ দশমিক ১৩ ডলার এবং প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৭১৫ দশমিক ৪৪ ডলারে নেমেছে। 


আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২৮৯ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে। এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।