ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে নেতানিয়াহুর জোট
ইসরায়েলের সংসদীয় নির্বাচনে ৮৪ দশমিক ৫ শতাংশ ভোট গণনার পরও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আংশিক ফলাফলে তাঁর নেতৃত্বাধীন জোট ১২০ সদস্যের নেসেটে ৫৪টি আসন পেতে পারে।
সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদনে কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৯টি আসন পেতে পারে। অন্যদিকে, প্রধানত আরব দলগুলো ১৭টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কোনো প্রধান জোটই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জনের অবস্থানে নেই।আংশিক ফলাফলের হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন পেয়ে এগিয়ে রয়েছে। আইজেনকোটের ইয়াশার পার্টি পেতে পারে ২২টি আসন।
এ ছাড়া টুগেদার জোট ১২টি, ডেমোক্র্যাটস পার্টি আটটি এবং ইসরায়েল বেইতেইনু সাতটি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ধর্মীয় ও ডানপন্থী দলগুলোর মধ্যে শাস, ইউনাইটেড তোরাহ জুদাইজম এবং ওতজমা ইহুদিৎ সাতটি করে আসন পেতে পারে। রিলিজিয়াস জায়োনিজমের আসনসংখ্যা হতে পারে ছয়টি। আংশিক ফলাফলে আরব-প্রধান জয়েন্ট লিস্ট ১১টি এবং ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) ছয়টি আসন পেতে পারে।
এ হিসাব অনুযায়ী, সরকার গঠনের আলোচনা ও সম্ভাব্য জোটের সমীকরণে আরব দলগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে আরব দলগুলোর সমর্থন কোন পক্ষ পাবে, কিংবা তাদের সঙ্গে জোট গঠন সম্ভব হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। রাজনৈতিক মতপার্থক্যের কারণে সরকার গঠনের আলোচনা জটিল হতে পারে। আনাদোলু

মন্তব্য করুন