ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস যেসব অঞ্চলে

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত সাতটি জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। 


এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে গোপালগঞ্জ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুর অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।


 এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি, দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এদিকে, বৃষ্টির কারণে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। পাশাপাশি সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।