খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

জেলা প্রতিনিধি : নেত্রকোনা
প্রকাশ :
নেত্রকোনার খালিয়াজুরীতে বাড়ির পাশে হাওড়ের পানিতে ডুবে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে


পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুরীতে বাড়ির পাশে হাওড়ের পানিতে ডুবে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ ১২ সেপ্টেম্বর শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ​


নিহত ওবায়দুল্লাহ জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে এবং শাহাদত একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে। ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশু দুটি জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে তারা অসাবধানতাবশত পাশের হাওড়ের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে হাওড়ের পানিতে তল্লাশি চালিয়ে স্থানীয়রা শিশু দুটিকে পানির নিচ থেকে উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। ​


খবর পেয়ে খালিয়াজুরী থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। থানার উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুর মিয়া ঘটনাস্থলে গিয়ে শিশু দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দুটি স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।