মুন্সীগঞ্জে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা-এ পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আড়িয়াল ও দিঘিরপাড় ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রিজান ঢালী (১৮), তিনি আড়িয়াল ইউনিয়নের বসাউল্লাহ এলাকার মনির ঢালীর ছেলে এবং আরাফাত খাঁন (২২), তিনি দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড় গ্রামের জসিম খাঁনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে আড়িয়াল ইউনিয়নের ফজুশাহ শোলাকান্দা বিলে ফুটবল খেলার সময় বজ্রপাতে গুরুতর আহত হন রিজান ঢালী।
পরে স্থানীয়রা তাকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই সময় দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে মারা যান আরাফাত খাঁন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন