নেত্রকোণার বিজয়পুর সীমান্তে বিজিবির অভিযানে চোরাই কম্বল ও মদ জব্দ
সত্যম চক্রবর্তী,দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১ লাখ ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই কম্বল ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ও রাতে এই জোড়া অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত পৌনে ১০টার দিকে বিজয়পুর বিওপি’র একটি টহল দল ১১৪৮ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় চারশ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘প্রেম বাজার’ এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ টাকা। এর আগে, একই দিন সন্ধ্যা ৬টার দিকে ১১৫০ নম্বর মেইন পিলারের কাছে আরেকটি মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি।
সীমান্ত থেকে পাঁচশ গজ ভেতরে ‘পশ্চিম বিজয়পুর’ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত কম্বল নেত্রকোণা কাস্টমস অফিসে এবং মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান, মাদক ব্যবসা ও যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও কঠোর টহল অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন