কালীগঞ্জে ৪৫ লাখ টাকার মালামাল ডাকাতি, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ :
নগদ অর্থসহ প্রায় ৪৫ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল ট্রাকে করে নিয়ে যায়।

মোঃ শাহনেওয়াজ, স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক সামগ্রীর দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপসহ প্রায় ৬ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। 


বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলাম। পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালি মোড়ে অবস্থিত সুবাহান এন্টারপ্রাইজ নামের একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানের শাটার ভেঙে প্রবেশ করে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল। পরে তারা নগদ অর্থসহ প্রায় ৪৫ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল ট্রাকে করে নিয়ে যায়।


 এ ঘটনায় দোকানের মালিক সালাউদ্দিন আকন্দ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারে গত ২৭ অক্টোবর রাতে অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জ থানা-পুলিশের একটি দল ঢাকা মহানগর পুলিশের বাড্ডা থানাধীন বড় বেড়াইদ এলাকায় অভিযান চালায়। এ সময় আলতাব হোসেনের ছেলে রমজান এবং ঝালকাঠি সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মিলন মিয়াকে গ্রেফতার করা হয়।


অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-২০-১১৫৯ নম্বরের একটি ট্রাক, ঢাকা মেট্রো-ন-১৯-৮৩২৬ নম্বরের একটি পিকআপ এবং প্রায় ৬ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যানসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। পরে গ্রেফতার দুজনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। সংবাদ সম্মেলনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন, ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।