এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


বৈরী আবহাওয়ারি কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেননি, তাদের আবার পরীক্ষা নেওয়া হবে। এ জন্য পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ কেন্দ্রে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করার নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।


 আজ শনিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী প্রতিকূল আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত সাধারণ শিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র; মাদ্রাসা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি, কেবল তারাই আবার অংশগ্রহণের সুযোগ পাবেন।


 নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রগুলোতে বাদ পড়া আগ্রহী শিক্ষার্থীদের নিবন্ধনের কাজ ২৯ জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে। এরপর নিবন্ধিত পরীক্ষার্থীদের তথ্য ৩০ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে নিজ নিজ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে বলা হয়েছে। বিষয়টি ‘অতীব জরুরি’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।