পঞ্চগড়ে জেঁকে বসছে শীত,তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
হিমালয়ের কোলঘেঁষা উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে বেশ জাঁকিয়ে নামতে শুরু করেছে শীতের আমেজ। সারা দিন রোদের মিষ্টি হাসিতে দিনটি উষ্ণ থাকলেও সূর্য ডুবতেই হাওয়া বদলে যাচ্ছে। চারপাশ ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়, আর সেই সঙ্গে রাতের নিরবতা চিরে বইছে হিমেল হাওয়া।
প্রকৃতি যেন জানান দিচ্ছে— শীত একদম দুয়ারে কড়া নাড়ছে! মাত্র এক দিনের ব্যবধানেই জেলার তাপমাত্রা কমে গেছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সকালের ঘন কুয়াশায় আচ্ছন্ন বাতাসে তখন জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এদিকে, সোমবার (২৬ অক্টোবর) বিকাল তিনটায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েকদিন ধরে আকাশে মেঘ না থাকায় হিমালয়ের বাতাসে জেলায় তাপমাত্রার পারদ কমছে।
শীত আসতে শুরু করেছে। তবে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর জেলায় বৃষ্টি বলয় কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়বে।

মন্তব্য করুন