জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে নিজেরাই পড়ে গেছে: রিজভী
জামায়াতে ইসলামীর রাজনীতির বৈশিষ্ট্য ‘ঘোলা পানিতে মাছ শিকার করা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সেই চেষ্টা করতে গিয়ে দলটি নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে রিজভী প্রশ্ন তুলে বলেন, “যারা ধর্মের নামে রাজনীতি করে, তাদের আদর্শ কী?” শেখ হাসিনার দেশে ফিরে রাজনীতি করার সম্ভাবনা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “শেখ হাসিনা যদি এদেশে এসে রাজনীতি করতে চান, তাহলে টিক্কা খানের উত্তরসূরীদের প্রত্যাবর্তন করতে হবে। ফ্যাসিস্টের পতন হলে তাকে ফেরানো যায় না।
” আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, “আওয়ামী লীগ ক্ষমতার জন্য মন ভোলানো কথা বলে। তবে এ দেশের মানুষ আর সেই সুযোগ দেবে না।” জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে এ এলাকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তার ভাষায়, “জুলাইয়ে যাত্রাবাড়ীতে পলাশীর প্রান্তর কিংবা লেলিনগ্রাদের মতো প্রতিরোধ গড়ে উঠেছিল।”
সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন