রুবাইয়া মেহজাবিন সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নন, জিডি করল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের সময় ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।


 এ ঘটনায় তার বিরুদ্ধে রাজধানীর তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে জিডিটি করেন। জিডিতে উল্লেখ করা হয়, রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪–২৫ শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী ছিলেন।


 তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। ফলে বর্তমানে তিনি কলেজটির শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারের কোনো অধিকারও তার নেই। কলেজ কর্তৃপক্ষের দাবি, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সুহিকে মাইলস্টোন কলেজের পরিচয় ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলন বিষয়ে বক্তব্য দিতে দেখা গেছে। 


এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তুরাগ থানার কাছে আবেদন জানিয়েছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ।