এমসি কলেজে তরুণী ধর্ষণ: একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
ছবি:সংগৃহিত


বহুল আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে ধর্ষণের মামলায় একজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।


 মঙ্গলবার (১৪ জুলাই) আদালত এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের পর মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীদের মধ্যে ছিলেন ভুক্তভোগী তরুণী, তার স্বামী, তদন্ত কর্মকর্তা, বিচারিক ম্যাজিস্ট্রেট, এমসি কলেজের একজন শিক্ষক এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক।


 উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় শাহপরান মাজার এলাকা থেকে ফেরার পথে এমসি কলেজের প্রধান ফটকের সামনে এক দম্পতির প্রাইভেটকার থামিয়ে তাদের কলেজ ছাত্রাবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে আটকে রেখে গাড়ির ভেতরে তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে। একই সঙ্গে তাদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া এবং গাড়ি আটকে রাখার অভিযোগও করা হয়।


 ঘটনার রাতে ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তদন্তে আরও দুইজনের সম্পৃক্ততা শনাক্ত হলে মোট আটজনকে আসামি করা হয়। ২০২১ সালের ৩ ডিসেম্বর তদন্ত শেষে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় ঘোষণা করেন।